শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস রোডের ডাবল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— ধামইরহাট উপজেলার আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) ও জয়নুলের ছেলে নূর আলম (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা গরু কেনা-বেচার ব্যবসা করতেন। সকালে গরু বোঝাই ভটভটিতে করে তারা জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। পথে ডাবল ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং অন্য যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওসি ইমাম জাফর বলেন, “সকালে বিহারীনগর বাইপাস রোডে ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।”